বৃষ্টিতে বন্ধ অস্ট্রেলিয়া-আফগান ম্যাচ, পরিত্যক্ত হলে যেমন হবে সমীকরণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

আফগানিস্তানের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে চার আর ছক্কার বৃষ্টি ঝরাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তবে খেলা ১২.৫ ওভার হওয়ার পরই নামল আসল বৃষ্টি। তাতে আপাতত বন্ধ রয়েছে খেলা। ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছিল অজিরা। ট্রাভিস হেড ৫৯ ও স্টিভ স্মিথ ১৯ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি নামায় জটিল সমীকরণে ঝুলে থাকল আফগানিস্তানের সেমিফাইনাল স্বপ্ন, আর অস্ট্রেলিয়া হয়ে গেল অনেকটাই নিশ্চিন্ত। দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা হতে হবে, নাহলে ম্যাচ পরিত্যক্ত বলে গণ্য হবে। আর এমনটা হলে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে, যা সরাসরি সেমিফাইনালে নিয়ে যাবে অস্ট্রেলিয়াকে। 

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার পয়েন্ট, যা তাদের সেমিফাইনালের জন্য যথেষ্ট। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায়, তবে তারা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে যদি ইংল্যান্ড জয় পায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান উভয়ের পয়েন্ট হবে তিন করে। তখন হিসাবের খাতা খুলবে নেট রান রেট। 

এক্ষেত্রে আফগানিস্তানের বর্তমান নেট রান রেট -০.৯৯, যা তাদের অবস্থানকে অনেকটাই দুর্বল করে তুলেছে। বেঁচে থাকতে হলে তাদের এখন একমাত্র আশা, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে অন্তত ২০৭ রানে হেরে যায় (৩০১ রান তাড়া করতে নেমে), যা বাস্তবে প্রায় অসম্ভব। 

বৃষ্টি থামার নাম নিচ্ছে না। মাঠের পরিস্থিতি খারাপ হতে থাকায় আম্পায়াররা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সময় হিসেবে হাতে মাত্র এক ঘণ্টা থাকলেও, গ্যালারিতে থাকা সমর্থকরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। প্রায় ৭৫% গ্যালারি ভর্তি থাকলেও, এখন সেটি প্রায় ফাঁকা। বেশির ভাগই আফগান সমর্থক, যারা আশাহত মনে বেরিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত