‘শেখ হাসিনা সরকারের নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, আমরা এবং সারা দেশের মানুষ জানে যে শেখ হাসিনার সরকারের নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল। তিনি (শেখ হাসিনা) গডফাদারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে চাননি। এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২ বছর উপলক্ষে সমাবেশ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এদিন শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন।

তিনি বলেন, আমরা বিগত ১২ বছর ধরে ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছি, আন্দোলন করে আসছি। আমাদের বিরত রাখার জন্য বিভিন্নভাবে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এমন কোনও কাজ তারা করেননি। আমাদের বাড়িঘরের ইট খুলে নিয়ে যাবে বলে তারা (ওসমান পরিবার) বলেছিল। আজ তাদের বাড়িঘরের ইট জনগণ খুলে নিয়েছে।

সমাবেশে অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ত্বকী হত্যায় জড়িত হত্যাকারীদের কিভাবে রক্ষা করেছেন তা সবাই জানেন। নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে তিনি দেশের বিভিন্ন স্থানে যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিলেন তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছেন। আর তার প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে ত্বকী হত্যার বিচার হয় নাই। শুধু ত্বকী নয়, সাগর-রুনী হত্যাকাণ্ড, তনুসহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটে। বিভিন্ন কর্মকাণ্ডে শেখ হাসিনার উপর মানুষের ক্ষোভ বাড়তে বাড়তে জুলাই মাসে তার বিষ্ফোরণ ঘটেছে। তারই অংশ হিসেবে গণঅভ্যুথান ঘটে। আমরা অবিলম্বে ত্বকী হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, ন্যাপ’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরু উদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত