প্রথমবার ডিপিএলে ‘আম্পায়ার্স কল রিভিউ’, সব ম্যাচই সরাসরি সম্প্রচার

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন ক্রিকেটবিশ্বে নতুন কিছু নয়। তবে সব অধিনায়কের একসঙ্গে উপস্থিত থাকার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে বিরল। সেই ব্যতিক্রমী চিত্রই দেখা গেল এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী আয়োজনে। ১২ দলের অধিনায়কই হাজির ছিলেন ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে। 

শুরুটা ইতিবাচক হলেও শেষটা কেমন হবে, সেটিই এখন বড় প্রশ্ন। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। উদ্বোধনী অনুষ্ঠানে সেই মৌলিক দাবিই তুলে ধরলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনারের স্পষ্ট বার্তা— ক্রিকেটারদের প্রাপ্য পারিশ্রমিক যেন নিশ্চিত করা হয়। 

সোমবার থেকে শুরু হচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই ঘরোয়া ক্রিকেট লিগ। তার আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফটো সেশনে অংশ নেন ১২ অধিনায়ক। বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তাদের সঙ্গে তারা দাঁড়ান ট্রফির মঞ্চে। শিরোপা মঞ্চে তুলে আনেন গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। 

এরপর মাইক্রোফোন হাতে নিজেদের ভাবনার কথা জানান অধিনায়করা। সবার আগে কথা বলার সুযোগ পান তামিম ইকবাল। মাঠের ক্রিকেট ভালো হওয়ার প্রত্যাশার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন পারিশ্রমিকের নিশ্চয়তার ওপর, ‘ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। আমি চাই, খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা। প্রতিটি ক্রিকেটার যেন তার প্রাপ্য অর্থ পায়।’ 

বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ের আর্থিক সংকটের প্রসঙ্গ টেনে তামিম যোগ করেন, ‘আমরা সবাই জানি, দেশের বর্তমান পরিস্থিতি আগের মতো নেই। বিপিএল, ডিপিএল সব জায়গায় ক্রিকেটারদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্লাবগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা যেন পূরণ হয়। আমার কাছে সেটাই সবচেয়ে বড় বিষয়।’ 

ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের ভোগান্তি নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে ক্রিকেটাররা অর্থ পেতে নানা ধরণের সমস্যার মুখে পড়ছেন। অনেককেই পুরো অর্থ না পেয়েই মৌসুম শেষ করতে হয়। এমনকি গত মৌসুমের পাওনাও এখনও বুঝে পাননি অনেক ক্রিকেটার। 

এবারের লিগেও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে স্পষ্টভাবে। দলবদলের সময় অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানিয়েছিলেন, ‘অনেক ক্রিকেটার গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ পারিশ্রমিকও পাচ্ছেন না।’ 

এদিকে, চুক্তিবদ্ধ অর্থও পুরোপুরি হাতে আসবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন ক্রিকেটাররা। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘ক্রিকেটাররা এবার অনেক ছাড় দিয়েছে। প্রত্যাশিত পারিশ্রমিকের চেয়ে অনেক কম নিয়েছে। এখন অন্তত যে অর্থ চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়েছে, সেটা যেন সবাই পায়।’ 

ডিপিএলের নতুন মৌসুমে আরও কিছু পরিবর্তন এসেছে। ৮৪ ম্যাচের প্রতিটিই এবার সরাসরি সম্প্রচারিত হবে। কিছু ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টসে, আর বাকি ম্যাচগুলো ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে। 

এছাড়া, প্রথমবারের মতো ‘আম্পায়ার্স কল রিভিউ’ চালু হচ্ছে লিগে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আম্পায়ারদের সিদ্ধান্তের মান উন্নত করতে এবং বিতর্ক কমাতে এবার এই প্রযুক্তির সংযোজন করা হয়েছে।’ 

শুরুটা ইতিবাচক বার্তা দিয়ে হলেও পারিশ্রমিকের বিষয়টি পুরো লিগ জুড়েই আলোচনার কেন্দ্রে থাকবে। ক্রিকেটারদের ন্যায্য পাওনা পরিশোধের বিষয়ে ক্লাবগুলো কতটা দায়িত্বশীল ভূমিকা নেয়, সেটিই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত