ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সেন্টারের সেক্রেটারি কাজী হাবীব ও সহকারী সেক্রেটারি নুরুল ইসলামের যৌথ পরিচালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।
অনুষ্ঠানের শুরুতে ফ্রান্সে বসবাসরত শিশু শিক্ষার্থী নাফিল বিন হারুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের শুভ সূচনা হয়। বিশেষ অতিথি আজেদিন তাইবি তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আজেদিন তাইবি।
উদ্বোধনী ভাষণ দেন সিরাজুল ইসলাম, সভাপতি, সিসিআরপি। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেইন্স শহরের মেয়র ও সেন-সাঁ-দেনি বিভাগের কাউন্সিলর, তানজিম হোসাইন হায়দার, ওকাচা বেন আহমেদ দাহো, হাজদা মারেকার, সাধারণ সম্পাদক, এফএমসি, শেখ ইব্রাহিম বেনতাহার, আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স বিএনপি, জালাল আহমেদ, হাজদ ব্রাজ তামিমি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ইসলামের একসময় গৌরবময় অধ্যায় ছিল যখন আমরা ধর্মীয় অনুশীলন ও শিক্ষায় শীর্ষে ছিলাম। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানাতে হবে, যাতে তারা সঠিকভাবে সচেতন হয়ে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সংগঠন এফবিজেএ-এর নেতৃবৃন্দ, স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলনমেলায় পরিণত হয়। এটি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
