টেকনাফে মুরগি বিক্রেতার হামলায় ক্রেতা নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফে বকেয়া টাকা আদায় নিয়ে মুরগি বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনায় এক ক্রেতা নিহত হয়েছেন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সোমবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা মসজিদের 
সামনে এ ঘটনা ঘটে।  

 নিহত দিলদার মিয়া (৪৮) ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি মনিরঘোনা স্টেশনের মুরগির দোকানের ব্যবসায়ী।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, কিছুদিন আগে দিলদার মিয়ার দোকান থেকে একই এলাকার আবুল হাশেমের ছেলে আব্দুল হাকিম বাকিতে কিছু মুরগি কিনেন। দিলদার বকেয়া টাকা আদায়ের জন্য আব্দুল হাকিমকে কয়েকবার তাগাদা দেন। কিন্তু তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।

 “সোমবার দুপুরে মনিরঘোনা মসজিদের সামনে আবারও পাওনা টাকা আদায়ের জন্য চাপ দেন দিলদার। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল হাকিম ও তার সঙ্গে থাকা লোকজন মিলে দিলদারকে আকস্মিক মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।” 

ওসি আরো বলেন, “পরে স্থানীয়রা দিলদার মিয়াকে উদ্ধার করে পালংখালীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আব্দুল হাকিমসহ জড়িত লোকজন পলাতক রয়েছে।”  জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত