সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৮ জন দগ্ধ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুটি পরিবারের নারী ও শিশুসহ দগ্ধ হয়েছেন ৮ জন। সোমবার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিকশাচালক হান্নান (৫০), তার স্ত্রী নুরজাহান আক্তার লাকি (৩০), ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৪), আরেক পরিবারে সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২০), মেয়ে সুমাইয়া (দেড় বছর)। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের ৩ শতাংশ পুড়ে গেছে।

রুপালীর ভগ্নিপতি মোস্তাফিজুর রহমান রনি জানান, সেহরি খাওয়ার জন্য রান্তা ঘরে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হওয়ায় বিস্ফোরণ ঘটে। শিশু সুমাইয়াকে আইসিইউতি রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত আনুমানিক ৩টার দিকে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম জানান, ভোরের দিকে গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত