সাকিবকে শেষ চার মাসের বেতন এখনও দেয়নি বিসিবি

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও গত বছরের শেষ চার মাসের বেতন পাননি।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজ-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন, 'হ্যাঁ, এটি সত্যি যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন তিনি এখনও পাননি। এর প্রধান কারণ হলো তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে।'

জানা গেছে, চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে, যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।

২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট চলাকালে সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত তিনি সেই ম্যাচ খেলতে পারেননি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক হত্যা মামলায় সাকিবের নাম আসায় তিনি বিতর্কের মুখে পড়েন। বিসিবি তখন আশ্বস্ত করেছিল যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে দেশে ফিরলে তিনি কোনো সমস্যায় পড়বেন না। তবে পরে অবস্থান পরিবর্তন করে, যাতে টেস্ট সিরিজ চলাকালে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এরপরই আইসিসি নারী বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায়, যা বিসিবির সিদ্ধান্তকে আরও দৃঢ় করে।

সাকিবের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণেই তার ওপর নানা চাপ আসছে বলে গুঞ্জন রয়েছে। গত বছরের ৬ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, যা এখনও চালু হয়নি।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার লক্ষ্য থাকলেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে সাকিব স্কোয়াডে জায়গা পাননি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নিশ্চিত করেছেন যে বোর্ড চুক্তি অনুযায়ী সাকিবের পাওনা পরিশোধ করবে। 

তিনি বলেন, 'চুক্তি অনুযায়ী তিনি তার বেতন অবশ্যই পাবেন। আপনি খেলুন বা না খেলুন, চুক্তি তো আছেই। বিসিবি তার প্রতিশ্রুতি রক্ষা করবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত