শক্তি বাড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:২৯ এএম

মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে। শেষ হয়েছে প্রিমিয়ার লিগের ১০ দলের ফাইন-টিউনিংয়ের সুযোগ। নিজ নিজ অবস্থান থেকে উন্নতির লক্ষ্যে প্রায় সব দলই চেষ্টা করেছে শক্তি বাড়ানোর। সুবাদে লিগের প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা বেশির সম্ভাবনা দেখছে ক্লাবগুলো।

জাতীয় দলের স্বার্থে দ্বিতীয় পর্বের এক রাউন্ডের খেলা হয়েছে মধ্যবর্তী দলবদল চলাবস্থায়। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল মোহামেডান। এই পর্বের ৯ ম্যাচের আটটিতেই জিতেছিল সাদা-কালোরা। দশম রাউন্ডেও তারা পেয়েছে জয়ের দেখা। ৯ জয়ে ২৭ পয়েন্ট এখন তাদের সংগ্রহে। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ঢাকা আবাহনী। আর টানা পাঁচবারের লিগ শিরোপা জয়ী বসুন্ধরা কিংস তিনে আছে ২০ পয়েন্ট নিয়ে। অর্থাৎ মোহামেডানের চেয়ে তারা পিছিয়ে সাত পয়েন্টে। ১২ এপ্রিল কিংস নিজেদের মাঠে মুখোমুখি হবে মোহামেডানের। সেদিনই আবাহনী গাজীপুরে খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। অর্থাৎ আসছে একাদশ রাউন্ড তিন দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে অবশ্য তিন দলই শক্তি বাড়ানোর চেষ্টা করেছে নতুন দেশি-বিদেশি ফুটবলার যুক্ত করে।

এই জায়গায় সবচেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস। কিংস শেষ দিনে চার বিদেশিসহ মোট পাঁচজনকে দলে ভিড়িয়েছে। ফরাসি নাম্বার নাইন জারেদ খাসা ও নাইজেরিয়ান ডিফেন্ডার এজেহকে ছেড়ে দেওয়া কিংস দলে ভিড়িয়েছে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসানো, ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাসিয়েল, ঘানার তরুণ উইঙ্গার ইভান্স ইতি ও পুরনো সৈনিক উজবেক মিডফিল্ডার আসরর গফুরভকে। হুয়ান লেসানো বেড়ে ওঠা ইউরোপের শীর্ষ দুই ক্লাবে। এই স্ট্রাইকারের রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফরাসি স্ট্রাইকার জারেদ খাসার জায়গায় মূলত খেলবেন তিনি। দলটির রুমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতা দেশ রূপান্তরকে বলেন, ‘আগামীকাল (আজ) থেকে আমরা প্রস্তুতি শুরু করব। আশা করছি নতুন চুক্তি করা খেলোয়াড়রা আজ-কালের মধ্যেই চলে আসবে। এই চারজনের মধ্যে তিনজন গত মৌসুমে চীনের বিভিন্ন লিগে খেলেছে। আমি নিশ্চিত তাদের সংযুক্তি দলের জন্য ইতিবাচক হবে। আপাতত আমাদের লক্ষ্য ফেডারেশন কাপ জেতা। এছাড়া লিগের জন্যও আমরা চেষ্টা করব। যদিও সাত পয়েন্টে এগিয়ে থাকা মোহামেডানকে ছোঁয়া ভীষণ কঠিন। আমাদের আসলে পরের সবকটি ম্যাচই একেকটি ফাইনালের মতো।’

স্থানীয়দের নিয়ে প্রথম পর্ব খেলেও শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে আবাহনী। মোহামেডানের সঙ্গে ব্যবধানটা চার পয়েন্টের বলেই ভাবা হচ্ছিল আকাশিরা দ্বিতীয় পর্বে বেশ কয়েকটি পজিশনে ভালোমানের বিদেশি এনে চেষ্টা করবে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, তারা বিভিন্ন পজিশনে ভালো বিদেশির সঙ্গে কথা প্রায় চূড়ান্তও করেছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পেরে তারা পুরনো দুই বিদেশিকে দলে নিয়েছে। ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাকে শেষ মুহূর্তে পাওয়াটা বাড়তি মানছেন দলটির অভিজ্ঞ কোচ মারুফুল হক, ‘দেখুন মৌসুম শুরুর আগেই আমাকে বলা হয়েছিল এবার স্থানীয়দের নিয়েই খেলতে হবে। তাই মধ্যবর্তী দলবদলে বেশি বেশি বিদেশি না পাওয়ায় আমি মোটেই হতাশ নই। বরং রাফায়েল ও ওগবাকে আমি বাড়তি পাওয়া হিসেবে মানছি। আমি যারা আছে তাদের নিয়েই শেষ পর্যন্ত শিরোপার জন্য লড়ব।’

মোহামেডানের সামনে পেশাদার যুগে প্রথমবার লিগ শিরোপা জয়ের হাতছানি। দলের কোচ আলফাজ তাই দ্বিতীয় পর্বের বাকি আট ম্যাচকেই ফাইনাল মেনে খেলার কথা বলেছেন। এ মাসের মাঝামাঝি শুরু হবে তাদের প্রস্তুতি। তার আগে পরীক্ষিত পাঁচ বিদেশির সঙ্গে সাদা-কালোরা যোগ করেছে পুলিশে দুই মৌসুম খেলে যাওয়া ভেনিজুয়েলার মিডফিল্ডার এডওয়ার্ড মোরিলোকে। আলফাজ বলেন, ‘আমি তো মনে করি প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্ব অনেক বেশি কঠিন হবে সবার জন্যই। কারণ সব ক্লাবই চেষ্টা করেছে শক্তি বাড়ানোর। আসছে রাউন্ডে আমাদের খেলতে হবে কিংসের সঙ্গে। সেই ম্যাচে যদি ইতিবাচক ফল আসে, তাহলে আমরা অনেকটুকু এগিয়ে যাব।’

মধ্যবর্তী দলবদলে ১০ দল মোট ৬২ জন ফুটবলারকে চুক্তিবদ্ধ করিয়েছে। এর মধ্যে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ১৭জন খেলোয়াড় নতুন নিয়ে চেষ্টা করবে অবনমন ঠেকাতে। তাদের ঠিক ওপরে থাকা ওয়ান্ডারার্সও ১৩ ফুটবলার নিয়ে চেষ্টা করবে টিকে থাকার। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ১১ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল শুরু হবে ফেডারেশন কাপের নকআউট পর্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত