ভারতের ধাক্কা সামলে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ

ষষ্ঠ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

চার দলের গ্রুপে পড়ায় এমনিতেই কাজটা কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশ নারী কাবাডি দলের জন্য। ইরানে বৃহস্পতিবার শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের শুরুতেই বাংলাদেশকে মুখোমুখি হতে হয় আসরের ফেভারিট ভারতের। সেই ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালেই শেষ চার নিশ্চিত হবে তাদের।

ইরানে এটা হতে যাচ্ছে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। এর আগের পাঁচ আসরের চারবারই শিরোপা জিতেছে ভারত। তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় বাংলাদেশের মিশন। স্বাভাবিকভাবেই সর্বশেষ এশিয়ান গেমসে সোনাজয়ীদের সামনে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি শ্রাবনী, বৃষ্টি, রুপালি খাতুনরা। ম্যাচটা তারা হেরে যায় ৬৪-২৩ পয়েন্টের ব্যবধানে।

তবে সকালের হারের ধাক্কা সামলে বিকেলে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। মালয়েশিয়াকে তারা হারায় ৪০ পয়েন্টের ব্যবধানে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে প্রথমার্ধেই ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর মালয়েশিয়ার সংগ্রহে ছিল মাত্র ৫ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। মালয়েশিয়া কোনোরকমে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

দুই হারে মালয়েশিয়া ছিটকে গেছে আসর থেকে। তারা প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হারে। বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচটিতে ভারতের মুখোমুখি হবে থাইল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটা শুরু হয়নি। সেমিফাইনালে যেতে হলে থাইল্যান্ডকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। কাল বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পদাক নেওয়াজ সোহাগ। ইরান থেকে ফোনে তিনি বলেন, 'ভারতের বিপক্ষে হারের ধাক্কা সামলে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তাতে সেমিফাইনালের আশা আমরা করতেই পারি। এখন সব কিছু নির্ভর করছে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটির ওপর। আমরা দল নিয়ে আশাবাদী।' এদিকে বি গ্রুপে খেলছে স্বাগতিক ইরান, ইরাক ও নেপাল।

আট বছর পর ইরানে শুরু হয়েছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে হয়েছিল এই আসর। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসরের ফাইনাল হবে শনিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত