হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন দাম ঊর্ধ্বমুখী এমন সময়ে পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। পেঁয়াজের সরবরাহ এমন থাকলে সামনের দিনে দাম বাড়বে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশীয় পেঁয়াজের বেশ ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। এতে করে পণ্যটির দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দুদিন পূর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ যেখানে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল বর্তমানে এখন তা কমে প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমার কারণে ক্রেতাদেরকে চাহিদা মোতাবেক পণ্যটি কিনতে দেখা গেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ফিরোজ হোসেন বলেন, একে তো রমজানে সাধারণ সময়ের তুলনায় বাড়তি পরিমাণে খরচ হয় আমাদের। এর উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বমুখীর কারণে বেশ বিপাকের মধ্যেই পড়তে হচ্ছিল। রমজান শুরুর আগে যে পেঁয়াজ ২৫ থেকে ৩০টাকা ছিল সেই পেঁয়াজ রমজান শুরুর ফলে দাম বেড়ে ৪০ টাকায় উঠে যায়। বাড়তি দামের কারণে বাধ্য হয়ে ক্রয়ের পরিমাণ কমাতে হয়েছিল। যেখানে এক কেজি লাগতো সেখানে হাফ কেজি দিয়ে কাজ সারতে হচ্ছিল। বর্তমানে পেঁয়াজের দাম আবারো কমতে শুরু করেছে এতে করে আমাদের মত মানুষদের সুবিধা হয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে যার কারণে এখন যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারছি দাম যেন এমনই থাকে সেই দাবি জানাচ্ছি।

পেঁয়াজ কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজানকে ঘিরে যখন পণ্যের দাম কমানোর হিড়িক লাগে। আর আমাদের দেশে রমজানকে ঘিরে দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়। যে পেঁয়াজ রমজানের আগেই কিনলাম ৩০ টাকায় সেই পেঁয়াজ রমজান শুরু হতেই ৪০টাকা হয়ে যায় কীভাবে। এটি সম্পূর্ণ ব্যবসায়ীদের কারসাজি তারাই কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াচ্ছেন। আবার কয়দিন না যেতেই পেঁয়াজের দাম কমে গেল কীভাবে এমন কী হলো এটি কারসাজি নয়তো কী বলবো তাই বিষয়টি প্রশাসনের দেখা দরকার।   

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, পণ্যটির চাহিদা বাড়ায় মোকামে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিলেন বিক্রেতারা। সেই সাথে কৃষকরা বাড়তি দামের আশায় পেঁয়াজ বিক্রি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। যার কারণে মোকামেই পণ্যটির দাম বাড়ছিল ফলে আমাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছিল। বর্তমানে পেঁয়াজ বিক্রি খানিকটা কমে যাওয়ায় পণ্যটির চাহিদা কিছুটা কমেছে। সেই সাথে যারা বাড়তি দামের আশায় পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন তারাও পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। যার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বেড়েছে। যে পেঁয়াজ দুদিন আগেও ১২০০-১৪০০ টাকা মন কিনতে হয়েছিল সেই পেঁয়াজ এখন দাম কমে ৬০০-৬৫০ টাকায় নেমে এসেছে। আমরাও কম দামে কিনতে পারায় সেই মোতাবেক কম দামেই বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ যদি এমন থাকে তাহলে দাম বাড়বে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা নিয়মিতভাবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালাচ্ছি। এ সময় বিক্রেতাদের ক্রয়-বিক্রয় তালিকা পরীক্ষা করছি। তারা কী দামে কিনছেন, কী দামে বিক্রি করছেন সেটি তদারকি করছি। কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন বা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করেন সেক্ষেত্রে তাদের আর্থিক জরিমানাসহ তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে সেটি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত