এএফপিকে নাহিদ ইসলাম

তরুণরা জীবন দিলেও সংস্কারে আগ্রহই নেই রাজনৈতিক দলগুলোর

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

বাংলাদেশের সুদূরপ্রসারী সংস্কারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যে সংস্কারের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে, সে বিষয়েও দলগুলোর কোনো আগ্রহই নেই।’

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা বাস্তবায়নে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী নির্বাচনে এই দল সরকার গঠন করতে না পারলেও, এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হবে যারা আগামী কয়েক দশক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি।

এনসিপি প্রধান বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস— এবারের নির্বাচনে আমরা জিততে যাচ্ছি। তবে এই নির্বাচনই শেষ নয়... আমাদের লক্ষ্য আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা।’

পরবর্তী জাতীয় নির্বাচন কখন আয়োজন করা উচিত তা নিয়ে এনসিপি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। বিএনপি যুক্তি দিয়েছে, জনগণের সমর্থিত একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত।

এ বিষয়ে নাহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, কিন্তু তা সত্য নয়।’ তবে শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা থাকা অবস্থায় নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়’ বলেও মনে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত