তামিমের সেঞ্চুরিতে বড় জয় মোহামেডানের

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে অধিনায়ক তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে তিন ম্যাচে দ্বিতীয়বার জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারকাবহুল দলটি।

ররিবার বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। শুরুটা ভালো করলেও লড়াকু পুঁজি গড়তে ব্যর্থ হয় দলটি। ওপেনার জয়রাজ শেখ ৫৬ বলে ৩৮ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন আহরার আমিন পিয়ান। এক প্রান্তে উইকেট হারাতে থাকলেও ২২ গজে দৃঢ়তা দেখিয়ে ৮৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে জাওয়াদ রয়েনের ব্যাট থেকে।

মোহামেডানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৫০ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। এছাড়া নাসুম আহমেদ ৩টি, সাইফ উদ্দিন ২টি ও আবু হায়দার রনি ১টি উইকেট নেন।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় মোহামেডান। ওপেনিংয়ে নেমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেখান দাপট। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

২৫ ওভারে ৩৭ রান করে তামিমকে সঙ্গ দিয়ে আউট হন তাওহিদ হৃদয়। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। সদ্য ওয়ানডে থেকে বিদায় নেওয়া এই অভিজ্ঞ ব্যাটার ৪৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে তামিমকে যোগ্য সঙ্গ দেন। শেষ পর্যন্ত ৪০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান।

পারটেক্সের হয়ে ১টি করে উইকেট নেন জাওয়াদ রয়েন, মুহুর শেখ ও নাঈম ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৪৬.৩ ওভারে ২১৮/১০ (জয়রাজ ৩৮, পিয়ান ৭৮, জাওয়াদ ৪২; তাইজুল ৫০/৪, সাইফ ৩২/২, নাসুম ৪২/৩)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪০.২ ওভারে ২২২/৩ (তামিম ১২৫*, তাওহিদ হৃদয় ৩৭, মুশফিক ৩৫*; মুহুর শেখ ১১/১)

ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তামিম ইকবাল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত