‘বাংলাদেশ লিজেন্ডস’ দলের কোচ হয়ে ‘অসভ্য রসিকতা’র শিকার গিবস

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই লিজেন্ডস লিগ আয়োজনের একটা জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ভারতের রাজস্থানে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘এশিয়ান লিজেন্ডস লিগ’। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ লিজেন্ডসের। কিন্তু বিসিবির ছাড়পত্র না পাওয়ায় তৈরি হয়েছে জটিলতা। দলটির কোচ হার্শেল গিবসও সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনা করেছেন।

গতকাল সোমবার ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে বিসিবির পক্ষ থেকে বাংলাদেশি সাবেক ক্রিকেটারদের সতর্ক করা হয় টুর্নামেন্টে অংশ না নিতে। তাই কোনো ম্যাচ না খেলেই আজ ভারত থেকে দেশে ফিরে আসছেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়রা। কারণ, এই লিগে নাকি আইসিসি এবং বিসিসিআইয়ের অনুমোদন নেই।

এই ঘটনার পর সোমবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটসম্যান হার্শেল গিবস। তিনি লিখেছেন, ‘আমাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এখনও ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি!! এফ.... (প্রকাশযোগ্য নয়) রসিকতা!’

উল্লেখ্য, এই লিগে এশিয়ান স্টারসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু তিনিও শেষ পর্যন্ত ভারতে যাননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত