গাজীর কাছে অসহায় আত্মসমর্পণ প্রাইম ব্যাংকের

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ছুড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেন এলোমেলো হয়ে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। একের পর এক ব্যাটার ফিরেছেন, গুটিয়ে গেছে মাত্র ৮৯ রানে। ৯৪ রানের বড় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ।

প্রাইম ব্যাংকের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয়েছিল প্রথম বলেই। শামসুর রহমান শুভর ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন সাব্বির হোসেন। এরপর নাইম শেখের ভুলে রান আউট হয়ে যান জাকির হাসান (১১)। দলের অন্যতম ভরসা নাইমও সুবিধা করতে পারেননি। শেখ পারভেজ জীবনের ফুলার লেংথ ডেলিভারিতে টাইমিং গড়বড় করে মিড অফে ক্যাচ দেন তিনি। ১৫ রানে থামে এই বাঁহাতির ইনিংস।

এরপরও ধস থামেনি প্রাইম ব্যাংকের। পাওয়ার প্লে শেষে পারভেজ জীবন ফেরান শাহাদাত হোসেন দিপুকে (১২)। অধিনায়ক ইরফান শুক্কুরও বেশিক্ষণ টেকেননি। শামীম হোসেন পাটোয়ারিকে আউট করে ধস আরও বাড়ান লিওন ইসলাম। ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক, সেখান থেকে আর বের হতে পারেনি। শেষ পর্যন্ত ২৩.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রিশাদ হোসাইন।

গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আবু হাশিম। শেখ পারভেজ জীবন ও লিওন ইসলাম পেয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৪৩.৪ ওভারে ১৮৩ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার বিজয় সর্বোচ্চ ৪৮ রান করেন, আমিনুল ইসলাম করেন ৩৫ রান। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সানি ৩৩ রানে ৩ উইকেট ও নাহিদুল ইসলাম ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স – ১৮৩/১০ (৪৩.৪ ওভার) (বিজয় ৪৮, আমিনুল ৩৫, সাকলাইন ২৪; সানি ৩/৩৩, নাহিদুল ৩/৪৬, রিশাদ ২/২৩)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব – ৮৯/১০ (২৩.২ ওভার) (রিশাদ ২১, নাইম ১৫; আবু হাশিম ৩/১২, পারভেজ জীবন ২/১৮, লিওন ইসলাম ২/৩৮)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৯৪ রানে জয়ী।

ম্যাচসেরা: আবু হাসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত