ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ সবসময়ই দুর্বল। অন্যদিকে আফগনিস্তান রীতিমতো শক্তিশালী। গত বছর বাংলাদেশ ও আফগানিস্তানের একটি টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়ে যায়। আগামী অক্টোবরে ওই টি-২০ সিরিজ আয়োজনের আলোচনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বলেছেন, ‘সিরিজটি আগে স্থগিত হয়েছিল। আমরা এরই মধ্যে এসিবির সঙ্গে সিরিজটি পুনরায় আয়োজনের বিষয়ে আলোচনা করছি। রমজানের পর আরও বিস্তারিত আলোচনা হবে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আমরা তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারবো আশা করছি।’
এদিকে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হওয়ার কথা আছে। খর্বশক্তির দলটির বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা ফর্মে ফিরবেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে ব্যাপক। আফগানিস্তানের বিপক্ষে ২০২৪ সালের জুনে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-২০র পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল। তবে ওই সময় আফগানদের ‘হোম ভেন্যু’ ভারতে বৃষ্টির মৌসুম থাকায় বিসিবি রাজি হয়নি।
২০২৬ সালে যৌথ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ হবে। বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পানায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ভাবছেন তারা। এসিবিও জানিয়েছে, সূচি চূড়ান্ত করার বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। দুই বোর্ড ফাঁকা সূচি পেলে টেস্ট সিরিজও খেলার বিষয়ে আশাবাদী। আয়োজক আফগানিস্তান হওয়ায় সিরিজটি ভারত, সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে।
আগামী ডিসেম্বর পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার পরিকল্পনা আছে। সঙ্গে যোগ হচ্ছে আফগানিস্তান সিরিজ। আফগান বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আপনি যদি এফটিপির দিকে তাকান, উইন্ডোতে (২-১২ অক্টোবর) ছোট্ট একটা গ্যাপ চোখে পড়বে। আমরা সময় ও সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
৯২৮ নম্বর গোল করে রোনালদো লিখলেন ‘আরেকটি যুদ্ধজয়’
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ কাজ করবে না – ইংলিশদের সতর্ক করলেন ওয়ার্নার
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচদের একজন গম্ভীর