ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির মাঠের আচরণ নিয়ে সমালোচনা অনেক। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় তাকে বরাবরই আগ্রাসী মেজাজে দেখা যায়। প্রতিপক্ষের সঙ্গে লেগে যায় অহরহ। কোহলি নিজেও জানেন, তার এসব আচরণ ভালো কিছু নয়। কিন্তু অসংখ্য সমর্থক যুদ্ধংদেহী মনোভাবের কারণে তাকে পছন্দও করেন। এবার নিজের আচরণ নিয়ে মুখ খুললেন কোহলি স্বয়ং।
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে জরিমানা গুনেছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে কোহলি বলেন, ‘আসলে অতিরিক্ত কিছু করার প্রবণতা থেকেই এমনি এমনটা (আগ্রাসী আচরণ) করি। আমি কখনোই এটা থেকে পিছপা হইনি। অনেকে হয়তো ব্যাপারটি পছন্দ করেন না। কিন্তু আমার এই মনোভাব হাল না ছাড়ার মানসিকতা থেকেই আসে।’
৩৬ বছরে এসেও প্রতিযোগিতামূলক মনোভাব কমেনি বলে জানান কোহলি, ‘আমার প্রতিযোগিতামূলক মনোভাব এখনো কমেনি। আপনি চাইলে মনে মনেও আক্রমণাত্মক হতে পারেন। কিন্তু হতাশা থেকে মাঝেমধ্যে তা প্রকাশ করার দরকার নেই, যেটা আমি করে থাকি।’
নিজের আচরণের খুঁত সম্পর্কে কোহলি জানেন। এটাও জানেন, তার কর্মকাণ্ডের সমালোচকের চেয়ে ভক্তই বেশি। কনস্টাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি বলতে চাইছি, সাম্প্রতিক অতীতেও যা করেছি (কনস্টাসকে ধাক্কা দেওয়া), সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। সত্যি বলতে, আমি নিজেও এগুলোকে ভালো মনে করি না। আপনি বলতে পারেন, কিছু লোক তোমার সমালোচনা করছে। কিন্তু আমার মনে হয়, আরও অনেক মানুষ আছে, যারা এটা দেখে সত্যিই আনন্দ পায়।’
‘আমি মেসির সঙ্গে কাজ করেছি’ -হালান্ড প্রসঙ্গে গার্দিওলা
ভয় নেই, অবসর ঘোষণা করছি না: বিরাট কোহলি
‘সবাই চায় পরিবারের সঙ্গে থাকতে’ –বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কোহলি