সার্বিয়ায় ছাত্রদের আন্দোলনে সমর্থন জোকোভিচের 

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

সরকারি হিসাব বলছে, রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমেছে এক লাখের বেশি মানুষ। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক সূত্রের দাবি, সার্বিয়ার বিভিন্ন শহরে গতকাল রাতের বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষ। দেশটিতে একটি কার্যকর রাষ্ট্রের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে ছাত্রসমাজ। তাদের এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা, টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। 

সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। গত বছরের ১৫ নভেম্বর ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর দেশটির শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, নির্মাণকাজে দুর্নীতি না হলে এতগুলো প্রাণ ঝরতে হতো না। তাদের দাবির মুখে প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করলেও, চার মাস পার হলেও এখনো কাউকে বিচারের আওতায় আনা হয়নি।

 

তাই এবার আরও জোরালো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গতকাল ১৫ মার্চ সার্বিয়ার রাস্তায় লাখো মানুষ বিক্ষোভ করে, যার নাম দেওয়া হয়’ফিফটিন ফর ফিফটিন’। বিক্ষোভকারীদের দাবি,’তারা এমন এক রাষ্ট্র চান, যা সঠিকভাবে কাজ করবে। ক্ষমতায় যেই থাকুক না কেন, ন্যায়বিচারের জন্য তারা আর অপেক্ষা করতে রাজি নন।’ 

ক্রীড়া ইতিহাসের অন্যতম সফল টেনিস তারকা নোভাক জোকোভিচ, যিনি ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছেন, এবার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। ইনস্টাগ্রামে বিক্ষোভের ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইতিহাস! অসাধারণ!’

এই প্রথম নয়, এর আগেও ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন জোকোভিচ। চলতি বছরের জানুয়ারিতেও তিনি সার্বিয়ার তরুণদের আন্দোলনকে সমর্থন দিয়ে বলেছিলেন, ‘কিছুই হয়নি এমন ভান করে বসে থাকতে পারি না।’

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ এবং দেশের ভবিষ্যৎ যাদের হাতে, তাদের প্রতি আমার সমর্থন থাকবে।’

জোকোভিচের মতো দেশের সর্বোচ্চ তারকার সমর্থন পেয়ে আন্দোলনে আরও প্রাণশক্তি পেয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এই আন্দোলন শুধুমাত্র একটি দুর্ঘটনার বিচার নয়, বরং একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থার দাবিতে। 

এখন দেখার বিষয়, আন্দোলনের চাপ কতদূর গড়ায় এবং প্রশাসন কবে নাগাদ বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত