‘সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার’

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ মেঘালয়ের রাজধানী শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের আগে অবসর ভেঙে আবারও ফিরে এসেছেন সুনীল ছেত্রী। তাই অনেকে লড়াইটা মনে করছেন হামজা ও সুনীলের।

তবে এমনটা মনে করেন না জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ দলীয় সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন।

তিনি বলেন, ‘না, আমি মনে করি না ম্যাচটা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর মধ্যে হবে। সুনীল অনেক ভালো প্লেয়ার, সে তার দেশের হয়ে দারুণ অবদান রেখেছে। তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।’

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই তিনি জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শিখতে চান, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবলের উদ্ধারকর্তা আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসিয়াহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত