হিলিতে যৌন নিপীড়নের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। 

খট্টামাধবপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে রবিবার সকাল ১১টায় খট্টামাধবপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন তারা। এতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নিয়ে বিচারের দাবি জানান। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বাহির করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে সড়ক ছেড়ে দিলে ওই পথ দিয়ে যান চলাচল শুরু হয়। 

এতে ভুক্তভোগী এক নারীর স্বামী বলেন, আমাকে টিসিবি কার্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে তার জমি আছে সেগুলো আমাকে চাষাবাদের জন্য দিবে। তার জমিতে আমাকে দোকানসহ আরো কিছু দেওয়ার লোভ দিয়েছে। এর বিনিময়ে তিনি প্যানেল চেয়ারমান আমার স্ত্রীকে মেলামেশা করার প্রস্তাব দেন। ভেবে দেখেন আমি তার স্বামী কিন্তু ওই প্যানেল চেয়ারম্যান আমাকে এসে সরাসরি বলছে তোমার স্ত্রীর সহিত মেলামেশা করবো। এটা কোন পর্যায়ের কথা একটু ভেবে দেখেন। অথচ তিনি আমাদের একজন জনপ্রতিনিধি আমরা আমাদের যে কোন বিপদ আপদে তার কাছে যাব, সেই যদি আমাদের এইভাবে শোষণ করে তাহলে কার কাছে যাব। এরপরে আর কোন মেম্বার চেয়ারম্যান যেন এমন করতে না পারে সেই লক্ষ্যেই আমাদের এই সমাবেশ।

অপর এক নারী বলেন, আমরা এতদিন মেম্বার ও চেয়ারম্যানদের নিকট গিয়েছি কিন্তু কেউ তো কোনদিন এরকম কথা বলেনি। আর তিনি এই ধরনের কথা বলতেছে কেন তার কি মা-বোন নেই। তার নিকট চালসহ বিভিন্ন ভাতার কার্ড চাইতে গেলে তাকে বলে ইজ্জত দিতে হবে তাহলে তিনি দিবেন।

অপর এক নারী বলেন, চেয়ারম্যান নারীদের ইজ্জত নিতে চায়। বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। গরীব দুঃখী মানুষদের জন্য সরকারি যে কোন অনুদান আসলে তাদের ইজ্জত নিতে চায়। বেশী করে চালের কার্ড দিব অন্যান্য ভাতা পাইয়ে দিব এসব প্রলোভন দিয়ে তিনি ইজ্জত নিতে চান। কেন আমাদেরকে ইজ্জতের বিনিময়ে এসব নিতে হবে এসব তো গরীব মানুষের জন্য সরকারি অনুদান। তাই আমরা এই দুশ্চরিত্র প্যানেল চেয়ারম্যানকে দেখতে চাই না। তিনি যেন ইউনিয়ন পরিষদে উঠতে না পারে।

অপর এক ব্যাক্তি বলেন, একজন প্যানেল চেয়ারম্যান হয়ে অন্য একজনের স্ত্রীকে চালের কার্ড দেওয়ার নাম করে জমি দেওয়ার নাম করে ভোগ করতে চায়। তার স্বামী আমাদেরকে বিষয়টি বললে আমরা গ্রামবাসী এর প্রতিবাদে আজকে এই কর্মসূচি পালন করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্যানেল চেয়ারম্যানকে প্রশাসন যদি গ্রেপ্তার না করে বা আইনগত ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা জনপ্রতিনিধি রূপে এমন নরপশুর বিচাই চাই।  

খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফ্যাসিষ্ট সরকারের দোসর সাবেক ইউপি চেয়ারম্যান কাওসার যে পালিয়ে গেছে উনার ষড়যন্ত্রেই এসব কিছু হচ্ছে। কারণ আমি তো কোনো মেয়ে মানুষের সাথে কথা বলিনি বা আমি কারো সাথে ধরা পড়েছি, কোন মেয়েকে ধর্ষণ করেছি এরকম তো কোন ঘটনা নয়। 

তিনি আরও বলেন, আমি এখানে আইনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান হিসেবে এসেছি। আমি তো অন্যায়ভাবে জোরপুর্বক আসিনি। আমি যেমন আইনের মাধ্যমে এসেছি এখন তিনি যদি আবারো আইনের মাধ্যমে আসেন, তাহলে তার জায়গায় তিনি থাকবেন আমার জায়গায় আমি থাকবো। কিন্তু আমাকে এভাবে হেনস্থা করা এটি কোন ধরনের কর্মকাণ্ড বলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত