আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে দুই কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

সাভারের আশুলিয়ায় বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালনসহ অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ সোমবার সকালে কারখানা দুটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিরা।

এ সময় তারা ভেতরে প্রবেশ করতে না পেরে কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়িয়ে দেন। পরে কিছুক্ষণ তারা কারখানা দুটির সামনে অবস্থান নিয়ে চলে যান।

শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ক্রস ওয়ার গার্মেন্টেসের শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি পালনসহ আন্দোলন করে আসছিলেন। মালিকপক্ষ আগামী ২৭ তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা তা না মানায় কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে মালিকপক্ষ সোমবার থেকে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে বর্তমানে কারখানা দুটির সামনে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আগামীকাল থেকে কারখানা খুলে দেওয়াসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য আমরা কাজ করছি। এ ছাড়া অপ্রীকির পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত