অনেক তর্জন-গর্জন শেষে ব্রাজিল করল মাত্র এক গোল!

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:০০ এএম

অর্ধযুগ ধরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাতে পারে না ব্রাজিল। কাতার বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এখন উড়ছে। অন্যদিকে ছন্নছাড়া ব্রাজিল তাদের দল গোছাতেই ব্যস্ত। আজ বাছাইপর্বের ম্যাচেও তারা হেরেছে ৪-১ গোলে। অথচ, এই ম্যাচের আগে অনেক তর্জন-গর্জন করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা।

সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রাফিনহা। বার্সেলোনার হয়ে ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের আগে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, ‘আমরা তাকে (ডি মারিয়া) পেটাব, কোনো সন্দেহ নেই। মাঠে আর মাঠের বাইরে, যেখানেই দরকার হবে।’ তবে বাছাইপর্বের ম্যাচজুড়ে রাফিনহাকে খুঁজেই পাওয়া যায়নি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাথিয়াস কুনিয়া।

ম্যাচজুড়ে ব্রাজিলের ফুটবল ছিল বর্ণহীন। ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো ভিনিসিউস-রদ্রিগোকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। অন্যদিকে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালাসহ প্রথম সারির বেশ কয়েকজনকে ছাড়াই ব্রাজিলের জালে এক হালি গোল করল আর্জেন্টিনা। তাদের চার গোলদাতা হলেন- হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ানো সিমেওনে।

মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছিল আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল নিতে পারে মাত্র তিনটি শট, ওই একটিই ছিল লক্ষ্যে। ম্যাচের ৮ম এবং ১২তম মিনিটে পরপর দুটি গোল হজম করে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে এত দ্রুত কখনো দুই গোল হজম করেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই দলের দুই সুপারস্টার এই ম্যাচে খেলেননি। ম্যাচের আগে কাতার বিশ্বকাপের উদাহরণ টেনে ব্রাজিল তারকা রদ্রিগো বলেছিলেন, ‘আর্জেন্টিনা শিরোপা জিতেছে কারণ সেখানে সবাই মেসির হয়ে খেলছিল। আমরা নেইমারের সামর্থ্য খুব ভালোভাবেই জানি। আমরা জানি সে আমাদের সেরা খেলোয়াড়। তাই, গর্ব এবং সম্মানের সাথে, আমরা তার জন্য লড়াই করব।’

কিন্তু বাস্তবে নূন্যতম লড়াইও করতে পারেনি ব্রাজিল। বরং প্রথমার্ধেই তাদেরকে তিন গোল উপহার দেয় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়বারের মতো প্রথমার্ধে তিন গোল হজম করল ব্রাজিল। প্রথমবার এমন হয়েছিল ২০০৫ সালের জুনে আর্জেন্টিনার মাটিতেই। উল্লেখ্য, আর্জেন্টিনাকে সর্বশেষ ছয় বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে হারিয়েছিল ব্রাজিল। তারপর থেকে একতরফাভাবে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত