অশোভন আচরণে দায়ে চার রিয়াল ফুটবলারের বিরুদ্ধে তদন্তে উয়েফা 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অশোভন আচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে উয়েফা। 

আন্তোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবাইয়োসের বিরুদ্ধে ম্যাচ শেষে অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে। 

টেলিভিশন ফুটেজে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুডিগার গলা কাটার ইঙ্গিত করেন, যা স্পষ্টতই দর্শকদের উদ্দেশে করা হয়। অন্যদিকে, এমবাপ্পেকে অশোভন ভঙ্গিতে কুচকির কাছে হাত নিয়ে ইঙ্গিত করতে দেখা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অ্যাটলেটিকো মাদ্রিদ গত সপ্তাহেই বিষয়টি উয়েফার নজরে আনে। 

এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়রা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তবে তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগ এবং এক সপ্তাহ পর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। 

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘চার রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অশোভন আচরণের অভিযোগ তদন্তের জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত