‘৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত ছিলেন না মেসি’

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

দুই সপ্তাহ পর মাঠে ফিরেই দুই মিনিটের মধ্যে গোল করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জিতিয়েছেন। রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দেখান ম্যাজিক। তার পারফর্মেন্স এবং ফিটনেসে খুশি মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে মেসিকে নিয়ে তিনি বেশ সতর্ক।

রবিবারের আগে মেসিকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে। এরপর চোটের কারণে ছিটকে যান। একই কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলতে পারেননি। যদিও দুটি ম্যাচই দাপটে জিতেছে আর্জেন্টিনা, নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা।

ফিলাডেলফিয়ার বিপক্ষে শুরুর একাদশে মেসিকে না রাখার কারণ নিয়ে ম্যাচ শেষে মাশ্চেরানো বলেন, ‘আমাদের চাওয়া ছিল লিওকে কিছু সময় খেলানো। পরিকল্পনা ছিল, ৩০-৩৫ মিনিটের জন্য তাকে মাঠে নামানো। তবে যোগ করা সময়সহ আরেকটু বাড়তি সময় তাকে খেলতে হয়েছে। তবে সে ভালো অনুভব করছে। শুরুর একাদশে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। সৌভাগ্যক্রমে সে ভালোভাবে শেষ করেছে। আমরা তাতে দারুণ খুশি।’

আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজের কোয়ার্টার-ফাইনালে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হবে মায়ামি। ওই ম্যাচেও মেসিকে খেলানোর কথা ভাবছেন মাশ্চেরানো, ‘তাকে নিয়ে পরিকল্পনা হলো, তরতাজা করে তোলা এবং লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়া। সে ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি ছিল না। আজ যেটুকু সময় খেলেছে, ভালো অনুভব করেছে বলেই খেলেছে। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত