উপদেষ্টা মাহফুজের বাবা আহত হওয়ার ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

লক্ষীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার ঘটনায় স্থানীয় নেতারা দাবি করেছেন, ছাত্রদলকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা। 

ঘটনার সূত্রপাত লক্ষীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জুকে নিয়ে। মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। বিশেষ করে, জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের সময় তিনি দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং লক্ষীপুর সদরে প্রবেশে বাধা দেওয়ার জন্য ফেসবুকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দেন, যে কারণে স্থানীয় জনগণ তার প্রতি ক্ষুব্ধ ছিল। 

এ ঘটনার পর, গত অক্টোবর মাসে রামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহেদী হাসান মঞ্জুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। 

গতকাল রবিবার মেহেদী হাসান মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে ইছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে আসলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায়। এসময়, উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, যাতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু এতে স্থানীয় বিক্ষুব্ধ জনগণের সঙ্গে ছাত্রলীগ, মোল্লা পরিবার এবং মঞ্জুর সহযোগীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন। 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, ‘কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন।’

তারা আরও দাবি করেছেন, ছাত্রদলের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সকল মিডিয়াকর্মী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত