কক্সবাজারের রামুতে ‘টাকা পাওনার’ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকা আলী আকবরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালান আশংকাজনক হারে বেড়েছে। আর গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তে কতিপয় দূর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তার এলাকার কতিপয় লোকজনেরও ওই দূর্বৃত্ত চক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের পূর্ব বিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফ সহ আরও ৩/৪ জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যায়।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ইমন কান্তি চৌধুরী।
