জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ২ ভাই

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বড় ভাই। নিহত বড় ভাইয়ের নাম নুরুল আলম বকুল (৪১)। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ঘাতক দুই সহোদর নাজিম উদ্দিন ও দিদারুল আলম মা ও বোনকে নিয়ে পালিয়ে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, দুই বছর ধরে জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। থানা-আদালতে মামলাও হয়েছে। স্থানীয় চেয়ার‌ম্যান ও মেম্বার নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। নাজিম ও দিদার বিচার মানছেন না। একপর্যায়ে ভিকটিম চলে যান চট্টগ্রাম শহরে। মাঝে মধ্যে গ্রামের বাড়ি আসলেও তার সঙ্গে ঝগড়া ও মারামারি জুড়ে দিতেন নাজিম ও দিদার। 

এবার ঈদের বন্ধে বাড়িতে আসেন বড় ভাই নুরুল আলম বকুল। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই নাজিম এবং দিদার ছুরি ও রামদা দিয়ে বকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত