লিভারপুলের সামনে এক অনিশ্চিত গ্রীষ্ম। গুঞ্জন রয়েছে, দল ছাড়তে পারেন মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। এক দশকেরও বেশি সময় ধরে ক্লাবের রক্ষণ ও আক্রমণের মূল স্তম্ভ হয়ে থাকা এই তিন তারকা যদি সত্যিই চলে যান, তাহলে তাদের শূন্যস্থান পূরণ করতে বড় সিদ্ধান্ত নিতে হবে মেরসিসাইডের ক্লাবটিকে। তাহলে, কারা হতে পারেন তাদের যোগ্য উত্তরসূরি?
আর্নল্ডের বিকল্প: ফ্রিম্পং, ফের্নান্দেস না কি রিড?
রাইট-ব্যাকে আক্রমণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন বলে শোনা যাচ্ছে। তার জায়গা পূরণে লিভারপুলকে ভাবতে হবে এমন কাউকে, যিনি একইভাবে আক্রমণে ঝড় তুলতে পারেন।
জেরেমি ফ্রিম্পং (বায়ার লেভারকুজেন): ২৪ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডার বর্তমানে ইউরোপের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুল-ব্যাক। চলতি মৌসুমে বুন্দেসলিগায় পাঁচ গোল ও চার অ্যাসিস্ট করা এই তারকা আর্নল্ডের ঘাটতি পুষিয়ে দিতে পারেন।
মার্টিম ফের্নান্দেস (পোর্তো): মাত্র ১৯ বছর বয়সেই পাঁচ অ্যাসিস্ট করে আলোচনায় এসেছেন এই পর্তুগিজ তরুণ। প্রতি ম্যাচে তার ১.৮টি কী-পাস ও ১.৩টি সঠিক ক্রস লিভারপুলের আক্রমণাত্মক পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নেবে।
গিভাইরো রিড (ফেয়েনুর্ড): আর্নে স্লটের কোচিংয়ে ফেয়েনুর্ডে অভিষেক হয়েছিল রিডের। ১৮ বছর বয়সী এই ডাচ ফুল-ব্যাক ইরেদিভিসিতে ছয়টি অ্যাসিস্ট করেছেন, যা প্রমাণ করে তার অফেন্সিভ দক্ষতা।
ফন ডাইকের বিকল্প: হুইজেন, বাস্তোনি নাকি গুইহি?
লিভারপুলের রক্ষণভাগের মহিরুহ ভার্জিল ফন ডাইক যদি সত্যিই পিএসজিতে যোগ দেন, তাহলে তার শূন্যস্থান পূরণ করা হবে বিশাল চ্যালেঞ্জ।
ডিন হুইজেন (বোর্নমাউথ): ১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার প্রিমিয়ার লিগে গড়ে ২.২টি ইন্টারসেপশন করেছেন, যা তার খেলার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তবে হেডিং দক্ষতায় (৫৯.৩% সাফল্য) কিছুটা ঘাটতি রয়েছে।
আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান): ২৫ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার ইতোমধ্যেই ইউরোপের অন্যতম সেরা। ৬০ মিলিয়ন ইউরো মূল্যের এই তারকা ডিফেন্ডার হিসেবে শক্তিশালী এবং একই সঙ্গে লেফট-ব্যাক হিসেবেও খেলতে পারেন।
মার্ক গুইহি (ক্রিস্টাল প্যালেস): ইংলিশ ডিফেন্ডার গুইহি প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছেন। তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে, যদিও হেডিং দক্ষতায় (৫৯%) কিছুটা দুর্বলতা রয়েছে।
সালাহর বিকল্প: এমবেমো, চেরকি নাকি লুকমান?
৩২ বছর বয়সেও মোহামেদ সালাহ লিভারপুলের আক্রমণভাগের প্রাণভোমরা। কিন্তু তার সম্ভাব্য বিদায় ক্লাবকে নতুন ডান-উইঙ্গারের খোঁজে নামাবে।
ব্রায়ান এমবেমো (ব্রেন্টফোর্ড): ২৫ বছর বয়সী এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন প্রিমিয়ার লিগে। সালাহর মতো বাঁ-পায়ে খেলা এমবেমো ডান দিক থেকে কেটে ভেতরে ঢোকার স্টাইলেও পারদর্শী।
রায়ান চেরকি (লিওঁ): মাত্র ১৯ মিলিয়ন ইউরোতে পাওয়া যেতে পারে এই ২১ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গারকে। লিগ ওয়ানে সর্বোচ্চ ৯ অ্যাসিস্ট করা এই তারকা ভবিষ্যতের জন্য দুর্দান্ত বিনিয়োগ হতে পারেন।
আদেমোলা লুকমান (আটালান্টা): চলতি মৌসুমে সিরি আ-তে ১৩ গোল ও ৫ অ্যাসিস্ট করা লুকমান লিভারপুলের জন্য কার্যকর হতে পারেন। তবে তিনি নির্দিষ্টভাবে ডান-উইংয়ে খেলেন না।
লিভারপুলের জন্য সামনে অপেক্ষা করছে ব্যস্ত এক দলবদলের সময়। ক্লাবের তিন প্রধান তারকা যদি দল ছাড়েন, তাহলে নতুন মৌসুমের জন্য দ্রুত উপযুক্ত বিকল্প খুঁজে নিতে হবে। কে জানে, এই গ্রীষ্মেই হয়তো অ্যানফিল্ডে দেখা যাবে নতুন প্রজন্মের নায়কদের!
ব্রাজিলের নতুন কোচের তালিকায় পেলেরিনি, ভাবনায় আনচেলোত্তিও
২০ ম্যাচ অপরাজিত বার্সাকে কি থামাতে পারবে আতলেতিকো
হতাশ ম্যানইউ কোচ আমোরিম, দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ