বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ছে নিগার সুলতানার দল। লাহোরে অনুষ্ঠিতব্য ছয় দলের এই টুর্নামেন্ট থেকে সেরা দুই দল পাবে বিশ্বকাপের টিকিট।
দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আসন্ন বাছাইপর্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স এবং বোলারদের আরও মিতব্যয়ী বোলিং আশা করছেন তিনি।
জ্যোতি বলেন, 'পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনামূলক কম, তবে সম্প্রতি তাদের বিপক্ষে খেলে এসেছি। তবে আমাদের প্রথম ম্যাচগুলো থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে।'
বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, টুর্নামেন্টে ভালো করতে হলে শুরুতেই ছন্দ খুঁজে পাওয়া জরুরি। তিনি বলেন, 'প্রথম দিকেই যদি আমরা ভালো একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্যাটিং ভালো করলে আমরা অনেক এগিয়ে যেতে পারব।'
পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বোলারদের ওপর ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। ব্যাকআপ দেয়। ব্যাটিং উইকেটেও যেন আমরা ভালো করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।'
বিদেশের উইকেটের চ্যালেঞ্জ নিয়ে জ্যোতি বলেন, 'দেশের মাঠে স্পিন নির্ভর উইকেট থাকায় ভালো জায়গায় বল করলেই উইকেট আসে। কিন্তু বিদেশের মাটিতে উইকেট নিতে হলে বেশি পরিশ্রম করতে হয়। তাই বোলারদের বলেছি, উইকেটের পেছনে না ছুটে ইকোনোমিক্যাল বোলিং করার দিকে মনোযোগ দিতে।'
আগামী ৫ এপ্রিল থেকে লাহোরে শুরু হবে ছয় দলের এই বাছাইপর্ব। ১০ এপ্রিল প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিগাররা।
বাছাইপর্বে শীর্ষ দুই দল আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। সেই লক্ষ্যে আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানে পা রাখছে বাংলাদেশ নারী দল।
ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের মালিকানা কিনলেন সারা টেন্ডুলকার
ব্রাজিলের নতুন কোচের তালিকায় পেলেরিনি, ভাবনায় আনচেলোত্তিও
লিভারপুলে সালাহ-ফন ডাইক-আর্নল্ডের বিকল্প কারা হতে পারেন?