কোপা দেল রে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রথম লেগে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পর দ্বিতীয় লেগে আতলেতিকোর মাঠে ১-০ গোলে জয় তুলে নেয় কাতালানরা। এই জয়ের ফলে এবার শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল।
তবে ম্যাচের পর আরেকটি ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আতলেতিকোর ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। বিশেষ করে তিনি অপেক্ষা করছিলেন রদ্রিগো ডি পলের, যার সঙ্গে তার আগের সাক্ষাৎটা ছিল বেশ উত্তপ্ত। শেষে, দুজন একে অপরের জার্সি বিনিময় করেন, যা ফুটবলের সৌন্দর্যেরই এক অনন্য উদাহরণ।
এই দুই তারকার দ্বৈরথ শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে, যেখানে আর্জেন্টিনা ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ওই ম্যাচের আগে রাফিনহা বলেছিলেন, ‘আমরা তাদের হারাবো, মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও!’ – এই মন্তব্য তাকে সমালোচনার মুখে ফেলে দেয়।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিপক্ষে এমন উদ্ধত মন্তব্য অনেককেই ক্ষুব্ধ করেছিল। এমনকি ব্রাজিলের অভ্যন্তরীণ মহল থেকেও সমালোচনা এসেছিল। সাবেক ব্রাজিলিয়ান তারকা মার্সেলো কারিওকা বলেন, ‘একজন তরুণ, যার তেমন অর্জন নেই, সে কীভাবে এমন কথা বলে? সে আজ খেলেছে কার বিপক্ষে? বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে!’।
কিংবদন্তি রিভালদোও মন্তব্য করেন, ‘আমি রাফিনহাকে পছন্দ করি, ওর খেলার মধ্যে আমার কিছু বৈশিষ্ট্যও দেখি, কিন্তু এমন বক্তব্য দেওয়া মোটেও ঠিক হয়নি।’
সেমিফাইনালে আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে দারুণ লড়াইয়ের পর বার্সা এগিয়ে যায় ফেরান তোরেসের ২৭তম মিনিটের গোলে। আতলেতিকো একাধিক সুযোগ পেলেও বার্সার রক্ষণভাগ ও গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ান। ফলে মোট ৫-৪ গোলের অ্যাগ্রিগেটে ফাইনালে উঠে যায় বার্সেলোনা।
ডিয়েগো সিমিওনের দলে ছিলেন আর্জেন্টাইন তারকারা– রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হুয়ান মুসো। কিন্তু স্বাগতিক দর্শকদের সামনে সেরা পারফরম্যান্স দিতে পারেননি তারা।
আগামী ২৬ এপ্রিল, লা কার্তুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
বিশ্বকাপ কোয়ালিফায়ারে আম্পায়ারিং করবেন মুকুল-জেসি
ট্রেবল নিয়ে কথা বলার সময় আসেনি, মনে করেন ফ্লিক 