রেফারির দরকার কী, যদি সিদ্ধান্তই ভিএআর নেয়, ক্ষুব্ধ পোসতেকোগলু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম

প্রিমিয়ার লিগে ভিএআর বিতর্ক নতুন নয়, তবে এবার ক্ষোভ উগরে দিলেন টটেনহ্যাম হটস্পারের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু। চেলসির বিপক্ষে ১-০ গোলের হারে তার দলের একটি গোল বাতিল হওয়ায় ম্যাচের পরপরই তিনি ভিএআরের কার্যকারিতা নিয়ে কঠোর সমালোচনা করেন। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে পাপে মাতার সার দূরপাল্লার এক দুর্দান্ত শটে বল জালে পাঠান। কিন্তু দীর্ঘ ভিএআর রিভিউয়ের পর গোলটি বাতিল করা হয়, কারণ আগে থেকেই ফাউল করা হয়েছিল চেলসির মিডফিল্ডার মোইসেস কাইসেদোর ওপর। 

বাতিল হওয়া গোলটি নিয়ে পোস্তেকোগ্লু বলেন, ‘তাহলে রেফারির দরকার কী? স্পষ্ট ও সুস্পষ্ট সিদ্ধান্ত মানে রেফারি সরাসরি দেখতে পারবেন। কিন্তু তারা এত সময় নিল কেন? শীঘ্রই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ম্যাচ পরিচালনা করবে, আর খেলোয়াড়দের দরকারই হবে না। কেউ না কেউ এমন উপায় বের করবে, যাতে ফুটবল হয় কিন্তু মানুষ ছাড়াই!’

গোল বাতিল হওয়ার পর মাঠে টটেনহ্যামের সমর্থকদের হতাশার প্রতিফলন ঘটে। তবে পোস্তেকোগ্লুর কিছু আচরণ নিয়ে ভুল ব্যাখ্যা হয় বলে দাবি করেন তিনি, ‘কিছু মানুষ বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করে। আমরা তখনই গোল করলাম, আমি চেয়েছিলাম সমর্থকরা উল্লাস করুক। কারণ আমরা কঠিন সময় পার করছি, এবং সেটা ছিল অসাধারণ একটি গোল।’

পোস্তেকোগ্লু আরও যোগ করেন, ‘সেই মুহূর্তে আমি মনে করেছিলাম আমরা ম্যাচ জিততে পারি। আমাদের পক্ষেই গতি চলছিল। সমর্থকরা আমার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে সেটা আমাকে ভাবায় না। কিন্তু আমরা একটি সমতাসূচক গোল করেছিলাম, সেটাই আসল কথা!’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পারফরম্যান্স হতাশাজনক। বর্তমানে তারা পয়েন্ট তালিকার ১৪তম স্থানে রয়েছে, যা দলটির জন্য একেবারেই প্রত্যাশিত নয়। ফলে পোস্তেকোগ্লুর চাকরির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। 

তবে ইউরোপা লিগে এখনও টিকে রয়েছে স্পার্স। তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। এখন দেখার বিষয়, পোস্তেকোগ্লুর দল ইউরোপিয়ান মঞ্চে কীভাবে ঘুরে দাঁড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত