ম্যাচ হেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পিএম

৮ ম্যাচের ৭টিতেই হেরে নিউজিল্যান্ড সফর শেষ করল পাকিস্তান। আজ শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচ শেষে দর্শকদের কটুক্তি সহ্য করতে না পেরে তেড়ে গিয়েছিলেন দিলেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের একাদশে ছিলেন না খুশদিল। খেলা শেষে গ্যালারিতে থাকা কিছু দর্শক বাজে পারফরম্যান্সে দুর্দশায় থাকা পাকিস্তান দলকে উদ্দেশ্য করে কটাক্ষ করছিলেন। একপর্যায়ে খুশদিলের ধৈর্যের বাঁধ ভাঙে। তিনি মারমুখী হয়ে তেড়ে যান দর্শকদের দিকে। কিছুতেই তাকে থামিয়ে রাখা যাচ্ছিল না! উপস্থিত নিরাপত্তাকর্মীরা খুশদিলকে জাপটে ধরে কোনোমতে আটকান।

আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, পাকিস্তানের সমর্থকরা তাদের ক্রিকেটারদেরকে ব্যক্তিগত আক্রমণ করছিলেন। এটাই মানতে পারেননি খুশদিল। তবে এমন ঘটনা ঘটানোয় তার শাস্তি হতে পারে। চলতি সফরে ইতোমধ্যেই তার সাজা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান নিতে গিয়ে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফোকসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত