৮ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে বাণিজ্য শুরু 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের মধ্যে আমদানি রপ্তানি ও সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে। ফলে বন্দরটিতে আবার চাঞ্চল্য ফিরে এসেছে। বাণিজ্য বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্ট ভিসাধারী সাধারণ যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আয়বায়ক রেজাউল করিম শাহীন জানান, শনিবার (২৯ মার্চ) থেকে সাপ্তাহিক সরকারি ছুটিসহ গতকাল ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৮  দিন বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ রবিবার (৬ এপ্রিল) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, কাস্টমস, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের আলোচনা সাপেক্ষে চার দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পেরেছেন।  

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত