উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার সকালে বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত