বগুড়া সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত জেরে খলিলুর রহমান (৫২) নামে একজন আওয়ামী লীগ নেতাকে ছুরিকাহত করা হয়েছে। খলিলুর রহমান সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
গতকাল শনিবার উপজেলার পৌর এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। খলিলুর রহমান গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
ছুরিকাহত খলিলের ভাই আমিনুল ইসলাম বলেন, খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে সাজেদুর রহমান সোনার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ সম্পর্কিত একটি মামলা বগুড়া জেলা জজ আদালতে চলমান রয়েছে। শনিবার সারিয়াকান্দি থানায় এ নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকে জমাজমির বিষয়ে কোর্টের সিদ্ধান্ত উভয় পক্ষকে মেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সালিশ শেষে খলিলুর রহমান পৌর এলাকার কাঁচা বাজারে বাজার করতে যান। সেখানে বিকাল তিনটার দিকে সাজেদুর রহমান সোনার নেতৃত্বে সাজেদুরের ছেলে শিহাব মিয়া (২৫) এবং তার ভাই মিন্টু মিয়া (২৮) খলিলুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খলিলুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।
আমিনুল ইসলাম আরও বলেন, আমার ভাই হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার বুকের চাকুর আঘাতটি খুবই মারাত্মকভাবে করা হয়েছে।
এ বিষয়ে সোনা মিয়ার লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আহতের লোকজনকে থানায় এসে আইনি সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তারা মামলা করলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজ কার্যালয়ে খুলনা জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু
হকির জাতীয় দলে দুই নতুন মুখ