ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এসব কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছে নানান শ্রেণিপেশার মানুষ।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালন করছে এসব শিক্ষার্থী। পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছেন তারা।

জানা গেছে, দুপুর সোয়া ১২টায় ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এমনকি শিশু-কিশোরদেরও জড়ো হতে দেখা গেছে ইসরায়েলবিরোধী এ কর্মসূচিতে।

এ সময় তাদের অনেকে ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে দেখা গেছে। ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন।

এছাড়াও তাদের হাতে ‘ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়া দিন’, ‘আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো’, ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’, ‘যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

এরই ধারাবাহিকতায় বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিল পুলিশ সদস্যরা।

এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়।

এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। মিছিলে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেওয়া হয়।

এছাড়া বুয়েট-এর শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীন ফিলিস্তিন ও গণহত্যা বন্ধের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। তেজগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অন্যদিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় আসেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন এ গণহত্যা বন্ধ করে।

তাদের দাবি, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে হবে। মুসলিম দেশগুলোকে একত্র হয়ে এই গণহত্যার প্রতিবাদে সামিল হতে হবে। যেসব দেশ ইসরায়েলের হামলায় সহায়তা করছে তাদের বয়কটেরও আহ্বান জানান শিক্ষার্থীরা। 

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে শিক্ষার্থীদের স্লোগানে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত