রামুতে অটোরিকশার সংঘর্ষে আরোহী নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম

কক্সবাজারের রামুতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত গুরা মিয়া (৫৫) ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার বাসিন্দা। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, দুপুরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ায় মাস্টার তাজ উদ্দিনের বাড়ির সামনে নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৮ জন আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ রামু উপজেলা স্বাস্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত