পাসপোর্টে ইসরায়েল বর্জননীতি পুনর্বহালের আহ্বান হেফাজতের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ফিলিস্তিনে চলমান নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আজ সোমবার সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল থেকে এই প্রতিবাদ জানানো হয়।

ঢাকা জেলা উত্তর হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আযমের সভাপতিত্বে সঞ্চালনা করেন মাওলানা মাহফুয হায়দার কাসেমী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, গাজায় ইসরায়েল যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ নিঃশব্দ। এই নীরবতা ভাঙতে হবে আমাদেরই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদে লিখিত আপত্তি প্রস্তাব উত্থাপন করুন। পাশাপাশি পূর্বের ন্যায় পাসপোর্টে ইসরায়েলের বর্জননীতি পুনর্বহাল ও বাংলাদেশে ইসরায়েলি পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করুন।

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি—ইসরায়েলকে আর কোনোভাবে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া যাবে না। বিশেষ করে মিসরের প্রতি আহ্বান, সুয়েজ খাল ব্যবহার ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করুন।

সভাপতির বক্তব্যে মাওলানা আলী আযম বলেন, আজ ফিলিস্তিনে রক্ত ঝরছে, আগুন জ্বলছে। আমাদের ইমানি দায়িত্ব হলো—ইসরায়েলের সকল পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা। বাংলাদেশের তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান ইসরায়েলি ও মিত্রপুষ্ট কোনো পণ্য যেন আমাদের ঘরে প্রবেশ না করে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ (ব্যাংক কলোনি মাদরাসা), মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা তাফাজ্জুল হক মানিকগঞ্জী, মাওলানা আলী আকরাম, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা মাহবুব গোলজার, মাওলানা আশিকুর রহমান মাদানী, মাওলানা ফয়যুল্লাহ আযমী ও মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত