মাঠেই অসুস্থ আম্পায়ার সোহেল, নেওয়া হলো হাসপাতালে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার গাজী সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে টস শেষে এমন ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। মাথা ঘোরার পাশাপাশি তার ঘুম ঘুম ভাব হচ্ছিল। যদিও ঘুমাতে পারেননি। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা উনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঠিকমতো ঘুম হয়নি। সেখান থেকেই শরীর দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। ব্লাড প্রেশার স্বাভাবিক, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল। এখন তিনি ঘুমাচ্ছেন, আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আধঘণ্টা হয়েছে, আর আধঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তারপর যদি সব ঠিক থাকে, ছেড়ে দেওয়া হবে।’

গাজী সোহেল অসুস্থ হয়ে পড়ায় তার জায়গায় মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। অন্য আম্পায়ার হিসেবে আছেন হাবিবুর রহমান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। ৪৩ ওভারে ৫ উইকেটে ২৩০ রান করেছে মোহামেডান। মুশফিকুর রহিম ৪৫ ও মেহেদি হাসান মিরাজ ১২ রানে অপরাজিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত