নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেছে হাতিয়া ছাত্র যুব পরিষদ। মানববন্ধন থেকে অন্তবর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবিরের পদত্যাগ দাবি করা হয়।
‘ভাসানচর নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে’, ‘আমার মাটি আমার ঘর ভাসান চর ভাসান চর’, ‘হাতিয়াবাসী জাগো ভাসানচর রক্ষা কর’, ‘ভাসানচর নিয়ে ষড়যন্ত্রকারী উপদেষ্টা ফাউজুল কবিরের পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে হাতিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সাথে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবিরকে দায়ী করে বক্তারা বলেন, তিনি সারা দেশের উপদেষ্টা হলেও তার জন্মস্থান সন্দ্বীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয় উসকে দিচ্ছেন। এ সময় বক্তারা তার পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ, এডভোকেট আকতার হোসেন, এডভোকেট মাহবুবুল রহমান, সাইফুল মনির হাতিয়া ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি আকতার হোসেন, হাতিয়া ছাত্র ও যুব পরিষদ সভাপতি সব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবের প্রমুখ।
