ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ধোলাই হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে বাদ দেওয়া হয়েছিল বাবর আজম এবং রিজওয়ানকে। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন রিজওয়ান। তিনি পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে দেখা করে দল নির্বাচনের ক্ষেত্রে আরও ক্ষমতা চাইবেন বলে দাবি করেছে ‘টেলিকমএশিয়া স্পোর্টস’ নামের একটি গণমাধ্যম।
পাকিস্তানের ক্রিকেটে সবসময়ই নানরকম নাটকীয়তা চলতে থাকে। কখন কে দলে আসবে, কে বাদ পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। কোচিং স্টাফ তো হরহামেশাই বদলে যাচ্ছে। সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘টেলিকমএশিয়া স্পোর্টস’কে বলেছেন, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় রিজওয়ান হতাশ। তিনি বাবরকে নিয়ে পিসিবি প্রধানের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে অনুরোধ করেছেন।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্ষুব্ধ রিজওয়ান বলেছিলেন, ‘আমি টি-টোয়েন্টি সম্পর্কে কিছু বলতে পারব না। এটা আমার কাজ নয়, ঠিক যেমন এখানে (ওয়ানডেতে) আমার হাতে সবকিছু নেই। (টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার বিষয়ে) আমরা কিছুই জানতাম না বা আমাদের সঙ্গে পরামর্শও করা হয়নি। এটা তাদের (নির্বাচক) সিদ্ধান্ত ছিল এবং আমরা বরাবরের মতো মেনে নিয়েছিলাম।’
সূত্র জানিয়েছে, ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য একাদশ নির্বাচনে কোচ আকিব জাভেদের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন রিজওয়ান। তিনি পাঁচজন নিয়মিত বোলার চেয়েছিলেন, তবে পাকিস্তান খেলেছে চার জন বোলার নিয়ে। বাকি ১০ ওভারে সালমান আগা আর ইরফান খানের মতো দুই পার্টটাইম বোলার ১১৮ রান দিয়েছেন! সেই সূত্র বলেছে, ‘একাদশ নির্বাচনের জন্য রিজওয়ান আরও ক্ষমতা চাইবেন। সেই ক্ষমতা না পেলে তিনি পদত্যাগ করতে পারেন।’
এর পাশাপাশি পাকিস্তানে আবারও কোচ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তবর্তীকালীন কোচ আকিভ জাভেদের জায়গায় নতুন কোচ খুঁজছে পিসিবি। ইতোমধ্যেই নাকি বিদেশি বেশ কয়েকজন কোচের সঙ্গে পিসিবি যোগাযোগ করেছে। পাকিস্তানের কিছু সাবেক খেলোয়াড়ও দায়িত্ব পেতে আগ্রহ দেখিয়েছেন। আগামী ১৮ মে পর্যন্ত রিজওয়ানরা ব্যস্ত থাকবেন পিএসএলে। এরপর বাংলাদেশের বিপক্ষে তাদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা।
সৌম্যর ব্যাটে ঝড়, ফিফটি হাঁকালেন নাসির হোসেন
কলকাতার তিন পরাজয়ে মুখ খুললেন শাহরুখ খান
ছিঃ ছিঃ করছেন নাফীস, সাব্বির বলছেন ‘লজ্জাজনক’
‘বাজপাখি’ হতে পারেননি মার্তিনেজ, হারল তার দল