ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল সাময়িক: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়েছে। বুধবার রাতে সব অংশীজন নিয়ে সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এতে আমরা কোনও সমস্যা বোধ করছি না। আমাদের নিজস্ব সক্ষমতায় যেন কোনও ঘাটতি না পড়ে, আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের যেন কোনও ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, কি ব্যবস্থা নিচ্ছি, তা এই মুহূর্তে শেয়ার করব না। আমাদের কিছু কাঠামোগত, কিছু খরচের প্রতিবন্ধকতা আছে। এসব কিছু সমন্বয় করে আমাদের সক্ষমতা বাড়াব। আমরা তেমন কোনো সমস্যা দেখছি না।

স্থগিতাদেশ তো সাময়িক সময়ের জন্য উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদে করণীয় আছে, তাদের আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। সেই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর ভিত্তি করে কতটুকু করতে পারব- সেই বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত