ঢাকায় আজ আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় আসছে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সফরসূচি অনুযায়ী, ভারতীয় প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করবে। এ ছাড়া এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সিআইআইয়ের এই প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন। এতে রয়েছে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গডরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম লিমিটেড ও অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা।

দুই দেশের বেসরকারি খাতের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সফরে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত