বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম

বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি( সাধারণ) ২৩৬ জন, দাখিলে ১৬১জন এবং  দাখিল ভোকেশনাল (এসএসসি সমমান) ৬০ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল)  বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন।

জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন, দাখিলে ৭ হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায়  ৩ হাজার ৯৪ জন শিক্ষার্থী। গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী কমেছে।  নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর জারি করা নির্দেশনায়। প্রয়োজনে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং ২০২৫ সালের পরীক্ষা নীতিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন জানান, প্রথমদিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথমদিনের পরীক্ষায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত