আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার লিওনেল মেসিকে পেয়ে বদলে গেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। গোটা বিশ্বের নজর থাকে এই লিগে। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কিনা। যা খবর আসছে, সেটা ইতিবাচকই।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। মেসি সেই আসরে খেলবেন কিনা- তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএসে নাম লিখিয়েছেন। ২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এই চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হবে।
মায়ামির সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেকদূর এগিয়েছে মায়ামি। দুই পক্ষের আলোচনা চলছে এবং ৩৭ বছর বয়সী সুপারস্টার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যদিও শর্তাবলী চূড়ান্ত করার কাজ অব্যাহত রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে মেসি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন বলে আশা করছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটি।
মায়ামির ব্যবস্থাপনা মালিক জর্জ মাসের নেতৃত্বেই মেসির সঙ্গে আলোচনা চলছে। এই সপ্তাহের শুরুতে এফডিপি রেডিও মায়ামিকে জর্জ মাস বলেছেন, ‘এটা (চুক্তি নবায়ন) কেবল তারই (মেসির) সিদ্ধান্ত। আমি আশা করছি, ৬০-৯০ দিনের মধ্যে সবকিছু নির্ধারিত হয়ে যাবে। সবসময়ই আমি আশাবাদী ছিলাম। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে যাতে মেসির খেলা দেখা যায়, সেই লক্ষ্যে আমরা সবকিছুই করছি। আশা করি এমনটা হবে।’
মায়ামিতে যোগ দেওয়ার পর ইতোমধ্যেই ৪৮ ম্যাচে ৪২ গোল করেছেন এবং ২১টি গোলে অ্যাসিস্ট করেছেন। সামনে মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলবে। চলতি মাসের শেষদিকে কনকাফাক চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুবার হোয়াটিক্যাপসের।
জিমি অ্যান্ডারসনের নামের সাথে যুক্ত হচ্ছে ‘স্যার’
পিএসএল নয়, আইপিএল খেলব: মোহাম্মদ আমির
জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার মতোই ভাবছেন অধিনায়ক শান্ত!
আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিতে চাওয়া রাফিনহা বললেন ‘শব্দচয়নে ভুল ছিল’