নরসিংদী

চাঁদা না দেওয়ায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার (৩৭) নামে শ্রমিকদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম।

অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচার ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনার জেরে গত ৪ এপ্রিল বিকালে দোকান থেকে বাড়ি ফেরার পথে মেহেদী তার দলবল নিয়ে সাদ্দামকে মারধর করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর ও সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর অভিযোগ, হুমকির মুখে বর্তমানে ব্যবসা পরিচালনা করতে পারছেন না তিনি। থানায় অভিযোগ দেওয়ার ৭ দিন অতিবাহিত হলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার কথাও জানান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী সরকার বলেন, মূলত আমার সঙ্গে চলাফেরা করে মাহিন নামে এক ছেলের সঙ্গে সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিনের বিরোধের জেরে মারামারি হয়। এই জেরে আমার ও অন্যদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। যদি চাঁদা দাবি করে থাকি তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হোক।

নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত