বরিশালে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে বরিশালে আয়োজন করা হয় বর্ণিল শোভাযাত্রা ও প্রভাতী অনুষ্ঠান। তবে এবারের আয়োজন ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বরিশাল বিএম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে চারুকলা বরিশালের ব্যানারে অংশগ্রহণকারীরা বের করেন আনন্দ শোভাযাত্রা, যা বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হয়।

এছাড়াও জেলা প্রশাসন ও বরিশাল বিএনপির পক্ষ থেকেও পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

আয়োজনে বৈচিত্র্য আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বেলস পার্কে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। জানা গেছে, প্রতিদিনই এই মেলায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন গান, নাচ ও নাটক।

তবে নববর্ষের মূল প্রভাতী অনুষ্ঠান ও মেলার পরিসর সীমিত হওয়ায় শিল্পীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তারা বলেন, ‘এই সংস্কৃতি চর্চা যেন সীমাবদ্ধতার দেয়ালে না ঠেকে যায়।’ পাশাপাশি তারা শান্তিময় পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নতুন বছরের সূচনালগ্নে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত