৬১ বছর পর নারীদের মহাকাশ ভ্রমণ, নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৬ জন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ছয় নারী। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের ‘দ্য নিউ শেফার্ড’ রকেটে মহাকাশের নিম্ন কক্ষপথ ভ্রমণ শেষে তারা ভূপৃষ্ঠে পা রাখেন। খবর বিবিসির

মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে ওই দলে ছিলেন- জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ ও সিবিএসের উপস্থাপক গেইল কিং, রকেটবিজ্ঞানী আইশা বোয়ে, মানবাধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। 

বিবিসির খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ১০ মিনিটের যাত্রা শেষে তারা পৃথিবীতে ফিরে আসেন। যাত্রা শেষে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে প্যারাসুটের সহায়তায় অবতরণ করেন তারা।

নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ৩ মিনিট সেখানে অবস্থান করে। পুরো যাত্রা ছিল ১১ মিনিটের। এনএস-৩১ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে। কেননা সর্বশেষ ৬০ বছরেরও বেশি সময় আগে ১৯৬৩ সালে সোভিয়েত আমলে রুশ নারী ভ্যালেন্তিনা তেরেশকোভা মহাকাশ ভ্রমণ করেছিলেন। তেরেসকোভার ৭০ ঘণ্টার একক মিশনের পর এটিই নারীদের কোনো মহাকাশ অভিযান।

মহাকাশ ভ্রমণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেটি পেরি বলেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা। এটি অজানার কাছে আত্মসমর্পণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত