অস্ত্র-গুলিসহ আ. লীগ নেতা জাহিদুল গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ উপজেলার ৯ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের রিফিউজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি ডিবি। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম জানান, হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি জাহিদুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন- এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে জাহিদের দেখিয়ে দেওয়া তথ্যানুযায়ী বাড়ির সিঁড়ির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তাকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে এবং অবৈধ অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিবির ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত