বরিশাল সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম

উৎস কর কম গ্রহণ করে দলিল রেজিস্ট্রেশনের অভিযোগে বরিশাল সদর সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। কারণ, তিনি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছে দুদক বরিশাল অফিস।

দুদকের সহকারী পরিচালক রাজকুমার সাহা জানান, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন সেবায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযোগ সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অসীম কল্লোল বর্তমানে বদলি হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সাব-রেজিস্ট্রারের বক্তব্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট অফিস সহকারী নাদিরা বেগম ও পেশকার সুশীল চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযানের সময় অফিস থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

প্রাথমিক পর্যালোচনায় দুদক টিম দেখতে পায়, চর বদনা মৌজায় দলিল সম্পাদন বন্ধ থাকার পরেও সেদিন দুইটি দলিল সম্পাদন করা হয়েছে। এ ছাড়া চারটি দলিলে সরকার নির্ধারিত উৎস কর জমা না দেওয়ার পরও সেগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

সরকারি পরিচালক আরও জানান, অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সম্পূর্ণরূপে যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত