ঢাকা শহরের চারদিকে শিগগিরই ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এজন্য ইতোমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে। চলতি বছরই আরো ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।
আজ রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনারের প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
এ সময় রিজওয়ানা বলেন, সবার আগে মানুষের সঙ্গে আস্থা তৈরি করা দরকার। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার, যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সাথে সহমর্মী হওয়া যায়।
তিনি বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।
রিজওয়ানা হাসান আরও বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা- একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় সাক্ষাৎকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে ও অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেনে নিন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দিন-তারিখ
সিংগাইরে সাংবাদিক মাসুমের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের